বিশ্বজয়ে শুধু পড়াশোনা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

খুলনা প্রতিনিধি

জাতীয়

বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও সক্ষমতা তুলে ধরতে হলে শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও

2026-11-05T18:45:48+00:00
2026-11-05T18:45:48+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
বিশ্বজয়ে শুধু পড়াশোনা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
খুলনা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও সক্ষমতা তুলে ধরতে হলে শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায়ও পারদর্শী হতে হবে নতুন প্রজন্মকে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি বিদেশি ভাষা শেখার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, নতুন প্রজন্মকে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে গড়ে তুলতে পারলে বিশ্বের কোনো শক্তিই বাংলাদেশের তরুণদের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশ তোমাদের। তোমাদেরই দেশটিকে গড়ে তুলতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসাডর। বিশ্বদরবারে বাংলাদেশকে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমাদের নিতে হবে।’

তিনি বলেন, ভবিষ্যতে কেউ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হবে। কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফল করলেই দায়িত্ব শেষ হবে না। প্রত্যেককে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে হবে। কারণ, বিশ্বকে জয় করতে হলে জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি এসব ক্ষেত্রেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে একসঙ্গে দক্ষতা অর্জনের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি নাচ, অ্যাক্রোবেটিকসসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়ও পারদর্শিতা দেখিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, একই সঙ্গে একাধিক বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ শিশু-কিশোরের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের শিশু-কিশোরদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত সুযোগ ও পরিবেশ। এ দায়িত্ব সরকারের। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে।

শিশুদের তৃতীয় একটি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে পছন্দ অনুযায়ী একটি ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। পড়াশোনা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বাংলাদেশের নতুন প্রজন্মকে বিশ্বে পিছিয়ে রাখা কঠিন হবে।

তারেক রহমান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে দেশকে উদাহরণ হিসেবে তুলে ধরতে অন্য কোনো দেশের নাম উল্লেখ করতে হবে না। বরং বাংলাদেশই হবে উন্নত, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রের উদাহরণ। নতুন প্রজন্মকে সেই লক্ষ্য অর্জনে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে শিশু-কিশোরদের সঙ্গে স্কুল-কলেজ, খেলার মাঠ ও সংস্কৃতিচর্চার মঞ্চে আবারও দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আরম খান। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট থেকে খুলনায় যাওয়ার পথে রূপসার কুদির বটতলা ও নগরীর ডাকবাংলা মোড়ে আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দুপুর আড়াইটার দিকে কুদির বটতলায় পৌঁছে নির্ধারিত অভ্যর্থনার অপেক্ষা না করে গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পথসভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষমতাচ্যুত সরকারের পক্ষ থেকে ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব অপতৎপরতা মোকাবিলায় ২০২৪ সালের মতো আরেকটি আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: