দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহীতে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট হয়ে উঠেছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জন করা গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।
বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যক্তি পর্যায় থেকেও এগিয়ে আসা প্রয়োজন। ব্যক্তি উদ্যোগে সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহীর কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেল ৩টায় নাটোরে একই ধরনের আরেকটি অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।