দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী সিও ইয়ে-জি। ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক চলচ্চিত্র ‘গিউমওল্ডো’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।
বি.ওয়েভ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে সিও ইয়ে-জির যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জোসোন রাজবংশের ঐতিহাসিক নথিতে উঠে আসা নরমাংস ভক্ষণের একটি ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে ছবির কাহিনি।
সিনেমায় কিম জি হু নামের এক নারীর চরিত্রে দেখা যাবে সিও ইয়ে-জিকে। গল্পে একটি প্রশ্নের উত্তর খুঁজতে তিনি পাড়ি জমান নির্জন ও রহস্যে ঘেরা এক দ্বীপে। সেখানে পৌঁছানোর পর একের পর এক অস্বাভাবিক ও অলৌকিক ঘটনার মুখোমুখি হন তিনি। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে দ্বীপটির ভয়ংকর রহস্য।
‘গিউমওল্ডো’ পরিচালনা করছেন বেক ডং হুন। এর আগে ফুড ড্রামা ‘লে গ্র্যান্ড শেফ ২: কিমচি ব্যাটেল’ নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি।
সিও ইয়ে-জিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া মনস্তাত্ত্বিক থ্রিলার ‘রিকলড’-এ। দীর্ঘ বিরতির পর নতুন এই থ্রিলার-হরর সিনেমার মাধ্যমে তার প্রত্যাবর্তনের খবরে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।