তরুণ দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির এই সিরিজের পঞ্চম সিজন নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। তবে এবার ভক্তদের জন্য এলো শেষ হওয়ার খবর। চলতি নভেম্বরেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানান, ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়েই শেষ হবে জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজন। শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক।
সম্প্রতি অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভুগেছেন অমি। দাঁত ও গলার সমস্যায় একপর্যায়ে কথাও বলতে পারেননি তিনি। তবে ভিডিও বার্তায় নির্মাতা জানিয়েছেন, বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন। গলার অবস্থারও উন্নতি হয়েছে।
পঞ্চম সিজনের সমাপ্তি প্রসঙ্গে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’
তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা।
এদিকে অমির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। ভিডিও প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ে এতে প্রায় সাড়ে আট হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের সংখ্যা ছাড়ায় পাঁচশ, আর ভিডিওটির ভিউ দাঁড়ায় প্রায় এক লাখে।
দর্শকদের মন্তব্যেও উঠে এসেছে নানা প্রত্যাশা। কেউ আবার ‘রোকেয়া’ চরিত্রকে দেখতে চাইছেন, কেউ অপেক্ষায় রয়েছেন শিমুলের প্রত্যাবর্তনের। আবার অনেকের প্রশ্ন, পঞ্চম সিজনের পর কি আসবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৬? তবে এ বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি নির্মাতা।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে অভিনয় করছেন ধারাবাহিকটিতে।