দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করতে যাচ্ছেন তরুণ অভিনেত্রী শ্রীলীলা। দুজনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর হলেও নতুন সিনেমায় তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। রজনীকান্তের আসন্ন সিনেমা ‘ধার্মান’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন শ্রীলীলা।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে সিনেমাটিতে শ্রীলীলার অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অশ্বথ মারিমুথুর পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও এতে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খন্না। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গে কাজ করছেন রজনীকান্ত।
সিনেমাটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
চিকিৎসকের চরিত্রে রজনীকান্ত?
সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঝলকে তাঁর চরিত্রটি একজন চিকিৎসকের হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে চরিত্রের পরিচয় দিতে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। ফলে চরিত্রটিতে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও দেখছেন দর্শকরা।
অনেকের মতে, নতুন সিনেমায় রজনীকান্তের চরিত্রের সঙ্গে ১৯৭৮ সালের জনপ্রিয় ছবি ‘মুলম মলারুম’-এ তাঁর অভিনীত চরিত্রের কিছুটা মিল থাকতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
একের পর এক বড় সিনেমায় শ্রীলীলা
তামিল চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই বড় বড় সিনেমায় যুক্ত হচ্ছেন শ্রীলীলা। চলতি বছর ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এরপর ধনুষ ও মামুট্টির ‘ওম’ এবং অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে ‘ধার্মান’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং চলছে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে আসতে পারে ছবিটি।
রজনীকান্তের অভিজ্ঞতা আর শ্রীলীলার নতুন প্রজন্মের জনপ্রিয়তা—এই দুইয়ের পর্দার রসায়ন কেমন হয়, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।