নগরবাসীর পানির সংকট নিরসনে কাজ করার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য। পানি জীবনের অপরিহার্য উপাদান। দৈনন্দিন জীবনযাপনে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম।
এ সময় বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগটি সফল করতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
এলাকার পানির সংকট নিরসনে আরও একটি পাম্প স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব জানান প্রশাসক। দ্রুত স্থান নির্বাচন করে সিটি করপোরেশনের অনুমোদন এবং ঢাকা ওয়াসার মাধ্যমে কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এ ছাড়া খালের মাধ্যমে পানি নিষ্কাশনের চলমান প্রকল্প এগিয়ে নেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন প্রশাসক। গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, “আমি এই এলাকার সন্তান। নির্বাচনের ফল যাই হোক না কেন, সব সময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানির সরবরাহ বাড়ানো এবং উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।