
এ উপলক্ষে সদর দপ্তরের অডিটোরিয়ামে দোয়া ও শুভযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি তিনজন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে মহাপরিচালক মনোনীত সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রা কামনা করেন। একই সঙ্গে যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি দেশ ও বাহিনীর কল্যাণে দোয়া করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের উপযুক্ত সময় তারুণ্য। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব সংস্কারের মূল ভিত্তি মানসিকতার সংস্কার। তাই ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।
সফরকালে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা দিয়ে তিনি বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।