যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে আগের চেয়েও কঠোর ও বিস্তৃত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বলছে, নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাত শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে আরও বিস্তৃত অঞ্চলে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে দেশটিকে আগের তুলনায় আরও কঠোর ও ব্যাপক হামলার মুখে পড়তে হবে। নতুন সংঘাতের বিস্তৃতি পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আকরামিনিয়া জানান, সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে শত্রুপক্ষের বিভিন্ন স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করে ইরানের সশস্ত্র বাহিনী তাদের হামলার তালিকা হালনাগাদ করছে।
তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সামরিক সরঞ্জাম, সেনাসদস্য এবং দেশটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ইরানের হামলার লক্ষ্য হতে পারে। এসব লক্ষ্যবস্তু বিশ্বের যেখানেই থাকুক, সেগুলোতে আঘাত হানার সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে স্থলযুদ্ধের নতুন ফ্রন্ট খোলার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেছেন এই সামরিক মুখপাত্র।
আকরামিনিয়ার দাবি, ইরানের পশ্চিম সীমান্তসংলগ্ন উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থানরত সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছিল শত্রুপক্ষ। এসব গোষ্ঠীকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পরিকল্পনা ছিল।
তবে ইরানের সামরিক ইউনিট মোতায়েন এবং ওই গোষ্ঠীগুলোর অবস্থানে আগাম অভিযান চালিয়ে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।