১০ বিলিয়ন ডলারে বিশাল তেল শোধনাগার গড়ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। ভবিষ্যতের এই চাহিদা সামাল দিতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে নতুন তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল

2026-11-03T10:25:57+00:00
2026-11-03T10:25:57+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
১০ বিলিয়ন ডলারে বিশাল তেল শোধনাগার গড়ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:২৫ এএম 
সংগৃহীত ছবি
ভারতে জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। ভবিষ্যতের এই চাহিদা সামাল দিতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে নতুন তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল)। অন্ধ্রপ্রদেশের রামায়াপত্তনম বন্দরের কাছে স্থাপনাটি নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর বার্ষিক তেল পরিশোধন সক্ষমতা হবে ৯০ লাখ মেট্রিক টন।

পলিমার আপডেট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত স্থাপনায় জ্বালানি তেলের পাশাপাশি বিভিন্ন ধরনের পেট্রোকেমিক্যাল পণ্য ও উপজাত উৎপাদন করা হবে। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই, জমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার প্রস্তুতি চলছে। প্রাথমিক পর্যায়ের কাজও শুরু করেছে বিপিসিএল।

ভারতের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা নিয়েও উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে আমদানির ওপর নির্ভরতা সামাল দিতে এবং দেশের নিজস্ব পরিশোধন সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে দেশটি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর কিছু অঞ্চলে তেল পরিশোধন সক্ষমতা কমে আসার প্রেক্ষাপটও এ পরিকল্পনার গুরুত্ব বাড়িয়েছে।

২০২৮ সালের মধ্যে সক্ষমতা ৪৫ মিলিয়ন টনে নেওয়ার লক্ষ্য

বর্তমানে মুম্বাই, কোচি ও বিনায় অবস্থিত তিনটি শোধনাগারের মাধ্যমে বছরে ৩ কোটি ৫৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করে বিপিসিএল। ২০২৮ সালের মধ্যে এ সক্ষমতা বাড়িয়ে ৪ কোটি ৫০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

রামায়াপত্তনমের নতুন শোধনাগার নির্মিত হলে বিপিসিএলের পরিশোধন ও উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি পেট্রোকেমিক্যাল খাতে নতুন পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে। দীর্ঘ মেয়াদে ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল বাজারে দেশটির অবস্থান শক্তিশালী করতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।

২০৩০ সালে বাড়তে পারে দৈনিক ১০ লাখ ব্যারেল চাহিদা

ভারতের ভবিষ্যৎ জ্বালানি চাহিদার চিত্র তুলে ধরেছেন বিপিসিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় খান্না। সম্প্রতি শেয়ারহোল্ডারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। ২০৩০ সাল নাগাদ দেশটির দৈনিক তেলের চাহিদা আরও ১০ লাখ ব্যারেল বাড়তে পারে। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় এ বৃদ্ধির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সঞ্জয় খান্নার তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে দৈনিক অপরিশোধিত তেলের চাহিদা প্রায় ৫৫ লাখ ব্যারেল। ২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে দৈনিক তেলের চাহিদা ২৫ লাখ ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। এই বাড়তি চাহিদার উল্লেখযোগ্য অংশ আসতে পারে ভারত থেকে।

বিপিসিএল প্রধান জানান, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় রামায়াপত্তনম বন্দরের কাছে নতুন শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।

নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি বিদ্যমান শোধনাগারগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বিপিসিএলের। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতের শিল্প উৎপাদন ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: