বৃহত্তর সরকার গঠনে রাজি নেতানিয়াহু, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে বৃহত্তর জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এমন সরকার গঠিত হলে তার নেতৃত্ব

2026-11-03T12:28:39+00:00
2026-11-03T12:28:39+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বৃহত্তর সরকার গঠনে রাজি নেতানিয়াহু, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলে বৃহত্তর জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এমন সরকার গঠিত হলে তার নেতৃত্ব নিজের হাতেই রাখতে চান তিনি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তাঁর দল লিকুদ জোটের শরিকদের পাশাপাশি সন্ত্রাসবাদকে সমর্থন করে না—এমন যেকোনো দলের সঙ্গে বৃহত্তর সরকার গঠনে আগ্রহী। এ নিয়ে আলোচনায় বসতেও তিনি প্রস্তুত।

পোস্টে তিনি বলেন, রা'আম ও জয়েন্ট লিস্ট—এই দুই আরব পার্লামেন্টারি জোটের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকার ইসরায়েলের জনগণ চায় না। তাঁর দাবি, প্রথম দিন থেকেই বৃহত্তর জাতীয় সরকার গঠনের জন্য তাঁরা আলোচনার সুযোগ রেখেছেন।

গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের পরও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জনসমর্থন নিজের রয়েছে বলে দাবি করেছেন নেতানিয়াহু। তাঁর ভাষ্য, ইহুদি জনগোষ্ঠীর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদকে সবচেয়ে বড় দল হিসেবে বেছে নিয়েছে এবং পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকেই সমর্থন করেছে।

এদিকে বিরোধী শিবিরের কয়েকটি দল পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের নাম প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। এসব দলের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টুগেদার পার্টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু।

বিরোধী দলগুলোর সমর্থনে আইজেনকোটের পক্ষে এখন পর্যন্ত ৪৮ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। পার্লামেন্টের দুটি আরব জোটও তাঁর পক্ষে সুপারিশ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তা হলে ১২০ সদস্যের নেসেটে তাঁর সমর্থন বেড়ে ৬৭ জনে পৌঁছাতে পারে।

নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

তবে প্রেসিডেন্টের কাছে কোনো আইনপ্রণেতার নাম সুপারিশ করলেই সরকার গঠনের পথ নিশ্চিত হয় না। লিবারম্যান ইতিমধ্যে স্পষ্ট করেছেন, আরব দলগুলোকে নিয়ে কিংবা তাদের সংসদীয় সমর্থনের ওপর নির্ভর করে গঠিত কোনো সরকারে তিনি যোগ দেবেন না।

বুধবার থেকে প্রেসিডেন্ট হারজগ পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে দুই দিনব্যাপী পরামর্শ শুরু করবেন। এসব আলোচনা শেষে তিনি সরকার গঠনের দায়িত্ব দিতে একজন আইনপ্রণেতাকে মনোনীত করবেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: