তিন দফা দাবিতে উত্তাল আশুলিয়া, শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আশুলিয়ায় আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। সোমবার সকালে কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে

2026-11-02T12:31:51+00:00
2026-11-02T12:31:51+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
রাজধানী
তিন দফা দাবিতে উত্তাল আশুলিয়া, শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আশুলিয়ায় আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। সোমবার সকালে কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে, সাভারের বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাকশ্রমিকরা। পরে আশুলিয়া থানা-পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে, নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ পরিস্থিতিতে নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এরপর শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ কারখানার এক শ্রমিক বলেন, তারা ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ এসে তাদের ধাওয়া দিচ্ছে। রোববার ওই কারখানার দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আটক শ্রমিকদের দ্রুত মুক্তি দাবি করেন ওই শ্রমিক।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজের দুই শ্রমিককে আটকের অভিযোগে সেখানকার শ্রমিকরা সোমবারও বিক্ষোভ করেছেন। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের মধ্যে আটকের ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সকালে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রোববার নিউ এইজ পোশাক কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সোমবার কতটি কারখানা চালু রয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: