পোশাকশিল্পে চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে একটি পক্ষ শিল্পটি ধ্বংসের চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিচ্ছে। এ অবস্থায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে তিনি উল্লেখ করেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনো কাটেনি। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। তাঁর মতে, কোনো মালিক কিংবা শ্রমিকই কারখানা ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। সাধারণ শ্রমিকেরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন বলেও তিনি বিশ্বাস করেন না।
ডা. শফিকুর রহমান বলেন, পরিস্থিতি উসকে দিয়ে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী ব্যক্তিরা পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
পোস্টে তিনি আরও জানান, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে ব্যবসার যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ পরিস্থিতিতে শিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।