পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা ৫৪ জন শিক্ষার্থী এবং O-Level ও A-Level পরীক্ষায় উত্তীর্ণ ৮৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া। ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতে আয়োজন করা হয় ‘৪র্থ হিফজ ও O/A Level সমাবর্তন ২০২৬’।
শনিবার রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে দিনব্যাপী এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।
সভাপতির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান বলেন, কোরআনের শিক্ষা, আধুনিক জ্ঞান, একাডেমিক সাফল্য, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এভেরোজের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পথচলায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি বিভিন্ন সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, ২০১৯ সাল থেকে O-Level ও A-Level পরীক্ষায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছে। ওয়ার্ল্ড হায়েস্ট ও কান্ট্রি হায়েস্টসহ বিভিন্ন অর্জন প্রতিষ্ঠানকে গর্বিত করেছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রায় এক হাজার আবেদন থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করতে বনশ্রীতে নতুন শাখা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমাটিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় সততা ও মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষা কোনো পণ্য নয়; শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়। এটি একটি আমানত। তাই মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়ার রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।
সমাবর্তনের আনুষ্ঠানিকতায় ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আরবি ও ইংরেজি নাশিদ, শিক্ষার্থীদের সম্মিলিত কোরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নাট্য পরিবেশনা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।