
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে ভালো করেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৯৫৪ জন। গড় পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন শিক্ষার্থী। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
কলেজের দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাসের হার অর্জন করেছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। মানবিক বিভাগে ৩১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করেন। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করানো হয়।
অভিভাবকেরা জানান, প্রত্যাশিত ফলাফল তাঁদের সন্তানদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। ভালো ফলের জন্য তাঁরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘একবার ভালো ফলাফল করা চমক হতে পারে। কিন্তু বছরের পর বছর ধারাবাহিকভাবে ভালো ফলের ধারা বজায় রাখা এবং সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই কাজটিই করছে।’
এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।