
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে বরিশাল বোর্ডে এ হার মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ দুই বোর্ডের পাসের হারের ব্যবধান ১৬ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা ছাড়াও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও সিলেট। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ।
অন্য বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ৬০ শতাংশ এবং যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এদিকে সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৭০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এ হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬০ শতাংশ ছাড়িয়েছে। অন্যদিকে বরিশাল, যশোর ও রাজশাহীসহ কয়েকটি বোর্ডে উত্তীর্ণের হার ৫০ শতাংশের নিচে রয়েছে।
উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখের বেশি শিক্ষার্থী। সামগ্রিকভাবে এবার পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।