রোলার স্কেটিংয়ে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল বগুড়ার ক্ষুদে স্কেটাররা। রাজশাহীতে অনুষ্ঠিত আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জিতেছে বগুড়ার প্রতিযোগীরা। আটটি ক্যাটাগরিতে ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক গ্রুপের ১৩টি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছে তারা।
রাজশাহী স্কেটিং একাডেমি আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি ক্লাবের প্রায় ৩০০ জন স্কেটার অংশ নেন। শুক্রবার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় বগুড়ার পদকজয়ীরা হলেন—মিফরা আমিন মুনিজ (স্বর্ণ), কৃত্তিকা নভেরা নোভা (রৌপ্য), যিনাতুন্নিসা রুবায়েত হাসনা (ব্রোঞ্জ), রাকুইয়া খাতুন রুকু (স্বর্ণ), আবরার হুরাইয়া (রৌপ্য), আবরার রহমান (ব্রোঞ্জ), মাহী ইসলাম মাহী (স্বর্ণ), এস জাহান জিহা (রৌপ্য), নুসাইবা বিনতে হাসান (ব্রোঞ্জ), মুহতাদী জামান (স্বর্ণ), আহম্মেদ উজায়ের হিসাম (রৌপ্য), শাহরিয়ার কবির স্বরণ (রৌপ্য), সাবিকুন্নাহার আরিশা (স্বর্ণ), মাশিয়াত খান মাইভ (ব্রোঞ্জ) এবং মুহতাসিম বিল্লাহ গালিব (ব্রোঞ্জ)।
বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও রোলার স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিত এসব তথ্য জানান। তাঁর মতে, ধারাবাহিক অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বগুড়ার স্কেটারদের সাফল্যে ভূমিকা রাখছে।
রোলার স্কেটিংয়ে বগুড়ার সাফল্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালে চীনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে বগুড়ার নাবীয়্যূন ইসলাম পৃথিবী জোড়া স্বর্ণপদকসহ মোট চারটি পদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান।
সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ক্লাব চ্যাম্পিয়ন্স স্পিড স্কেটিং প্রতিযোগিতায়ও বগুড়ার স্কেটাররা সাতটি পদক অর্জন করেন। এর মধ্যে ছিল পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক। বাসাবো স্কেটিং একাডেমি ও জয় স্কেটিং ক্লাব যৌথভাবে ওই প্রতিযোগিতার আয়োজন করে।
রাজশাহীর এ প্রতিযোগিতায় রাজশাহী, বগুড়া, ক্যান্টনমেন্ট, নাটোর ও নওগাঁর পাশাপাশি ঢাকার গোলাপবাগ, ধূপখোলা, রাসেল স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, গুলশান স্কেটিং ক্লাব, নোভা স্কেটিং ক্লাব, প্রগ্রেসিভ স্কেটিং ক্লাব ও ডাইনামিক স্কেটিং ক্লাব অংশ নেয়।
প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বগুড়া রোলার স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমির কোচ শাহীদুন নবী। সার্বিক সহযোগিতা করেন রাজশাহী স্কেটিং একাডেমির কোচ ফুয়াদ হাসান সাকিব ও পরিচালক সাজ্জু হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন এবং বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্সের (বিএএস) সভাপতি নওসিফ হোসেন দিপ্র।
আয়োজকদের মতে, আন্তঃআঞ্চলিক এ আয়োজনের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ের নতুন স্কেটারদের প্রতিযোগিতার পরিবেশের সঙ্গে পরিচিত করা। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়দের অভিজ্ঞতা বিনিময়, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।