হবিগঞ্জের লাখাইয়ে সার বিক্রির রেজিস্ট্রার খাতায় তথ্যের গরমিল ও অবৈধভাবে সার পাচারের অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার স্বপন কুমার দেবকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম এবং লাখাই থানা-পুলিশের একটি দল।
অভিযান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, সার বিক্রিতে অনিয়মের বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি উপকরণ বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধভাবে সার পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।