স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ব্যর্থতার দায় নিয়ে তাঁরা পদত্যাগ না করলে রাজপথের আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দাবি আদায়ে মিছিল নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করার ঘোষণাও দিয়েছেন এনসিপির এই নেতা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সমাবেশে তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতা-কর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। মানুষের জীবনযাত্রার দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ বিপর্যস্ত। বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, এসব ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাঁরা পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বক্তব্যে সংবিধান সংস্কার নিয়েও আপত্তি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
বিএনপির নেতৃত্ব ও সরকারের পরিকল্পনা নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই; বরং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা রয়েছে। বিএনপির মধ্যে ‘নব্য স্বৈরাচারের’ উত্থান ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে আসবে বলে আলোচনা রয়েছে। বিএনপি অতীতে নিজেদের নেতা-কর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা জনগণকে কীভাবে রক্ষা করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সীমান্তে হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পার্বত্য অঞ্চলে অস্থিরতা তৈরির মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।