বর্তমান সরকারের আমলে জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি করপোরেশন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। এসব প্রতিষ্ঠান থেকে টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, ‘আমরা চাই দেশটা ভালোভাবে চলুক। সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন, বিভিন্ন করপোরেশন এখন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে সব টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের সুষ্ঠু পরিচালনার জন্য ব্যবস্থাপনায় পরিবর্তন ও সুশাসন নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে শনিবার সকাল ৭টায় সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা-যশোর হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য।
লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এ লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন।