গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের বিরুদ্ধে জনগণের সঙ্গে গাদ্দারির অভিযোগ তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, গণভোট অবৈধ হলে বর্তমান সরকার ও সংসদও বৈধ হতে পারে না।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার গাদ্দারি করছে, জনগণকে অসম্মান করছে। গণভোট অবৈধ হলে এ সরকার ও সংসদও বৈধ হতে পারে না। আমরা জুলাই বিপ্লবের প্রতি আমাদের কমিটমেন্ট পুনর্ব্যক্ত করছি। জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছি।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তেল ও গ্যাস সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে শনিবার সকাল ৭টায় সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়। ঢাকা থেকে শুরু হওয়া এ কর্মসূচি খুলনা, যশোর হয়ে কুষ্টিয়ায় যাওয়ার কথা রয়েছে।
লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
এসব দাবি আদায়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।