
১১ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। আমাদের দাবি ১৮ কোটি মানুষের দাবি।’
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরভবনের সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে যাওয়ার পথে তিনি এ পথসভায় অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় প্রশাসন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তার বন্ধ করতে হবে। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমি দখল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ‘এ লড়াই জনগণের মুক্তির লড়াই।’ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি জানতে চান, এ লড়াইয়ে তাঁরা তাঁর সঙ্গে আছেন কি না। এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে সমর্থন জানান।
আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, ‘আমরা একটি মুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব।’
মহাসড়কে প্রায় তিন মিনিট বক্তব্য দিয়ে তিনি আবার খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে সহস্রাধিক গাড়ির বহরে হাজার হাজার নেতাকর্মীকে পতাকা হাতে যেতে দেখা যায়।
লংমার্চ উপলক্ষে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল থেকেই শফিকুর রহমানকে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার নেতাকর্মীরা সড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন হাতে সারিবদ্ধভাবে অবস্থান নেন।
ভাঙ্গায় ১১ দলীয় জোটের পক্ষে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন আহমেদ ও ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন।