প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উড্ডয়নের ঠিক আগে উড়োজাহাজের স্পয়লার ব্যবস্থায় ত্রুটির সংকেত দেখা দেওয়ায় জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থাকে ফ্লাইটটি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তাকে। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর।
নির্ধারিত সময় অনুযায়ী যাত্রার প্রস্তুতি ও বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে এগোচ্ছিল। এ সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লার ব্যবস্থায় ত্রুটির সংকেত (রেড সিগন্যাল) দেখতে পান পাইলট। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত স্থগিত করা হয়।
পরে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গী ও অন্যান্য যাত্রীদের বিমান থেকে নামিয়ে অপেক্ষার ব্যবস্থা করা হয়। বিমানের প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী করা হয়।
বিমানের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটির পুশব্যাক সম্পন্ন হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইট বিজি-৩৭৭।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ জানিয়েছেন, এ ধরনের ঘটনায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন দেবে।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা বিমানের উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে উড্ডয়নের ঠিক আগে ত্রুটি শনাক্ত হওয়ায় প্রি-ফ্লাইট কারিগরি পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছিল কি না, তা তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তদন্ত কমিটি ত্রুটির কারণ অনুসন্ধানের পাশাপাশি উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কী পদক্ষেপ নিয়েছিলেন, সেটিও পর্যালোচনা করবে।
তবে এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই ত্রুটির প্রকৃত কারণ ও দায়দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।