
পুলিশ জানায়, কচুয়া দক্ষিণপাড়া এলাকার লিয়াকত আলী (৬০), পিতা হাতেম আলী, নিজের জমিতে মাটি কাটার কাজ করাচ্ছিলেন। এ সময় এক শ্রমিকের কোদালে শক্ত কোনো বস্তুর আঘাত লাগে। পরে শ্রমিকেরা মাটি খুঁড়ে পুরোনো লোহার তৈরি দুটি বস্তু দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। পরে সখীপুর থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, বস্তু দুটি পরিষ্কার করার পর সেগুলোর গায়ে ইংরেজিতে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দেখা যায়। এ সময় গ্রেনেডসদৃশ বস্তু দুটির সঙ্গে ভেতরে থাকা দুটি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে সেগুলো থানায় নিয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, কালিয়া ইউনিয়নের কচুয়া দক্ষিণপাড়া এলাকায় লিয়াকত আলীর জমিতে মাটি কাটার সময় গ্রেনেডসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। সেগুলো থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিস্তারিত জানা যাবে।