
গ্রেপ্তার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে। তিনি ওই এলাকার রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন।
বুধবার রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় রুহুল আমিনের ভাড়াটিয়া জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল রাত সাড়ে ৯টার দিকে ওই বাসায় অভিযান চালায়। এ সময় আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে উপস্থিত লোকজনের সামনে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। যেকোনো ধরনের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।