
ফুটবল মাঠের পরিচয় ছাপিয়ে মানবিক উদ্যোগে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় শিশুদের চিকিৎসায় তাঁর উদ্যোগে ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ হয়েছে। গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে এই অর্থ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তহবিল সংগ্রহের তথ্য জানান হামজা। গাজার শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
সংগৃহীত অর্থ পাবে শিশুদের জন্য জরুরি সহায়তা নিয়ে কাজ করা ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থা। তহবিলের অর্থ দিয়ে গাজার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সংঘাতের মধ্যে চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়া শিশুদের জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্যোগটি সফল করতে যারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আর্থিক সহায়তা দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হামজা। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুজুম স্পোর্টসের প্রতি। আয়োজনটি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করেছে বলে জানান তিনি।
তবে তহবিল সংগ্রহের এই সাফল্যেও গাজার শিশুদের দুর্দশার কথা ভুলে যেতে চান না হামজা। তাঁর উপলব্ধি, শিশুদের সীমাহীন কষ্টের তুলনায় এই সহায়তা খুবই সামান্য। তাদের পাশে দাঁড়াতে আরও অনেক উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ছোট উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেন বাংলাদেশের এই ফুটবলার। তাদের দুর্ভোগের অবসান, কঠিন পরিস্থিতি মোকাবিলার শক্তি ও ধৈর্য এবং স্থায়ী শান্তি কামনা করেন তিনি।
গাজার শিশুদের চিকিৎসায় হামজার এই উদ্যোগ ফুটবলের পরিচিত গণ্ডি ছাড়িয়ে মানবিক সংহতির একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।