ফুটবলের সেরার মুকুট কেইনের মাথায়, বন্ধুকে নিয়ে আবেগঘন বার্তা কোহলির

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন

2026-10-27T17:32:25+00:00
2026-10-27T17:32:25+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
খেলা
ফুটবলের সেরার মুকুট কেইনের মাথায়, বন্ধুকে নিয়ে আবেগঘন বার্তা কোহলির
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। বন্ধুর দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও সততার প্রশংসা করে কোহলি বলেছেন, এই পুরস্কারের প্রতিটি অংশই কেইনের প্রাপ্য।

কেইনের ব্যালন ডি’অর জয় নিয়ে ফুটবলবিশ্বে চলছে আলোচনা। কেউ তাঁর সাফল্যে উচ্ছ্বসিত, আবার কেউ কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের মতো তারকাদের এগিয়ে রাখছেন। তবে কোহলি মনে করেন, দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে কেইন এই সম্মানের যোগ্যতা অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় কেইনকে শুভেচ্ছা জানান কোহলি। তিনি লেখেন, ‘হ্যারি, বন্ধু আমার, বছরের পর বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার সময় তুমি যে অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সততার পরিচয় দিয়েছ, তাতে এই পুরস্কারের প্রতিটি অংশই তোমার প্রাপ্য। তোমার জন্য আমি সত্যিই খুব খুশি। ঈশ্বর তোমাকে ও তোমার পরিবারকে আশীর্বাদ করুন।’

বন্ধুর সাফল্যে আনন্দ প্রকাশের পাশাপাশি কেইনের পরিবারের গর্বের কথাও উল্লেখ করেন ভারতীয় এই ক্রিকেটার। কোহলি আরও লেখেন, ‘তোমার পরিবার নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব গর্বিত, যেমনটা তুমি নিজের এই যাত্রা নিয়ে গর্বিত হতে পারো। সব সময় আমার শুভকামনা রইল। অভিনন্দন।’

ব্যালন ডি’অর হাতে নিয়ে নিজের ফুটবলজীবনের নানা উত্থান-পতনের কথা স্মরণ করেন হ্যারি কেইন। শুরুর দিকে প্রত্যাখ্যানের অভিজ্ঞতা থেকে শুরু করে টটেনহ্যাম হটস্পারে নিজেকে প্রতিষ্ঠিত করা—দীর্ঘ এই যাত্রায় সতীর্থ, কোচ ও সমর্থকদের অবদানের কথা তুলে ধরেন তিনি।

পুরস্কার পাওয়ার পর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কেইন বলেন, ‘এই অসাধারণ আয়োজনের জন্য এবং ব্যালন ডি’অর দেওয়ার জন্য ফ্রান্স ফুটবলকে আবারও ধন্যবাদ। লন্ডনে এই পুরস্কার পাওয়া আমার কাছে আরও বিশেষ কিছু। আজকের দিনটিকে শুভ লক্ষণ বলেই মনে হচ্ছে। এ জন্য সবাইকে ধন্যবাদ।’

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বমানের খেলোয়াড়দের কথাও উল্লেখ করেন ইংলিশ স্ট্রাইকার। তাঁর মতে, এত ভালো খেলোয়াড়ের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া ভোটারদের জন্য সহজ ছিল না।

নিজের সাফল্যের পেছনে বায়ার্ন মিউনিখের সতীর্থদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন কেইন। তিনি বলেন, সতীর্থদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং তাঁদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা তাঁকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে।

সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। কেইন জানান, ১১ বছর বয়স থেকে ক্লাবটির সঙ্গে তাঁর পথচলা। সেখানকার কোচ ও দিকনির্দেশনা তাঁকে নিজের স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে।

বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড জাতীয় দল এবং টটেনহ্যামের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই স্ট্রাইকার। মাঠে কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া সমর্থকদের ভালোবাসাকে নিজের জন্য বড় সম্মান বলে উল্লেখ করেন তিনি।

কেইনের এই অর্জনে কোহলির শুভেচ্ছাবার্তা দুই তারকার বন্ধুত্বকেও নতুন করে আলোচনায় এনেছে। ভিন্ন দুই খেলার তারকা হলেও কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার প্রতি তাঁদের পারস্পরিক শ্রদ্ধা বার্তাটিতে স্পষ্ট হয়ে উঠেছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: