নিলামে শরীফুলের বাজিমাত, তাসকিন-তানজিদকে নিয়েও কাড়াকাড়ি

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

2026-10-26T16:19:10+00:00
2026-10-26T16:19:10+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
নিলামে শরীফুলের বাজিমাত, তাসকিন-তানজিদকে নিয়েও কাড়াকাড়ি
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্টে দল পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাঁকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমও পেয়েছেন বড় অঙ্কের পয়েন্ট।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই নিলাম। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল ২৭৫ জন ক্রিকেটারের তালিকা থেকে নিজেদের স্কোয়াড সাজাচ্ছে। নিলাম পরিচালনা করছেন ভারতের অভিজ্ঞ সঞ্চালক ও ধারাভাষ্যকার চারু শর্মা।

নিলামে শরীফুলকে পেতে একাধিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ২ কোটি ৩০ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় সিটিজেনস ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ পয়েন্টে পেসার তাসকিন আহমেদকে নিয়েছে ওয়ালটন গ্রুপ।

জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন বরিশাল। প্রায় একই অঙ্কের পয়েন্টে দল পেয়েছেন আরও দুই ক্রিকেটার—হাসান মাহমুদ ও সাইফ হাসান। হাসান মাহমুদকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে নিয়েছে এইচ ব্লুস্টার, আর সাইফ হাসানকে একই পয়েন্টে দলে ভিড়িয়েছে সেভেন রিংস সিমেন্ট।

নিলামে অন্য উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে জাকের আলী অনিককে ১ কোটি ৮০ লাখ পয়েন্টে নিয়েছে সিটিজেনস ব্যাংক। নাজমুল হোসেন শান্ত ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে গেছেন ফরচুন বরিশালে। ওয়ালটন ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে নিয়েছে লিটন দাসকে।

কে কত পয়েন্টে কোন দলে?

শরীফুল ইসলাম: ২ কোটি ৩০ লাখ পয়েন্ট — সিটিজেনস ব্যাংক

তাসকিন আহমেদ: ২ কোটি ১০ লাখ পয়েন্ট — ওয়ালটন

তানজিদ হাসান তামিম: ২ কোটি পয়েন্ট — ফরচুন বরিশাল

হাসান মাহমুদ: ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট — এইচ ব্লুস্টার

সাইফ হাসান: ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট — সেভেন রিংস সিমেন্ট

জাকের আলী অনিক: ১ কোটি ৮০ লাখ পয়েন্ট — সিটিজেনস ব্যাংক

নাজমুল হোসেন শান্ত: ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট — ফরচুন বরিশাল

লিটন দাস: ১ কোটি ৫০ লাখ পয়েন্ট — ওয়ালটন

নিলামের বড় অঙ্ক দেখে ক্রিকেটারদের প্রকৃত পারিশ্রমিক নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। কারণ, ডি থ্রি ট্রফিতে খেলোয়াড়দের দলে নেওয়া হচ্ছে পয়েন্টের ভিত্তিতে; এই পয়েন্ট তাঁদের বেতন বা নিলামমূল্য নয়। ক্রিকেটাররা পাবেন বিসিবি নির্ধারিত ম্যাচ ফি।

‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট। ফলে শরীফুল, তাসকিন ও তানজিদের মতো এই ক্যাটাগরির খেলোয়াড়েরা নিলামে যে পয়েন্টেই দল পান না কেন, তাঁদের ম্যাচ ফি নির্ধারিত হবে বোর্ডের ঘোষিত কাঠামো অনুযায়ী।

চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা, এক দিনের ম্যাচে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।

প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্টের বাজেট নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যে থেকেই দলগুলোকে নিজেদের স্কোয়াড গঠন করতে হচ্ছে। ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ পয়েন্ট।

বিসিবির নতুন এই প্রতিযোগিতায় টি-টোয়েন্টি, ৫০ ওভার ও চার দিনের ক্রিকেট—তিন সংস্করণকে একই কাঠামোর আওতায় আনা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে চার দিনের ম্যাচ এবং মে মাসে ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিন সংস্করণ মিলিয়ে মোট ৪২টি ম্যাচ হওয়ার কথা—টি-টোয়েন্টিতে ১৯টি, এক দিনের ক্রিকেটে ১৬টি এবং চার দিনের ক্রিকেটে সাতটি। ছয়টি করপোরেট দলের অংশগ্রহণে নতুন এই আয়োজনের লক্ষ্য ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং দর্শকদের আগ্রহ ফিরিয়ে আনা।

নিলামের প্রথম সারির ক্রিকেটারদের ঘিরে দলগুলোর এমন প্রতিযোগিতা ডি থ্রি ট্রফির শুরুতেই বাড়তি উত্তাপ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নিলামে বড় অঙ্কের পয়েন্ট খরচ করে গড়া দলগুলো মাঠের লড়াইয়ে কতটা সফল হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: