নিষেধাজ্ঞা শেষে ফিরছেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক

খেলা

জাতীয় দল ছেড়ে চলে যাওয়া, কোচের সঙ্গে বিরোধ আর নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।

2026-10-27T18:21:55+00:00
2026-10-27T18:22:48+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
খেলা
নিষেধাজ্ঞা শেষে ফিরছেন রোনালদো!
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ২৭.১০.২০২৬ ৬:২২ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় দল ছেড়ে চলে যাওয়া, কোচের সঙ্গে বিরোধ আর নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। এবার সেই অনিশ্চয়তা কাটিয়ে পর্তুগাল দলে ফেরার পথে ফুটবলের মহাতারকা। নভেম্বরে উয়েফা নেশন্স লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ সামনে রেখে পর্তুগালের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এই অধিনায়ক।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রাথমিক দলে রয়েছেন রোনালদো। তবে চূড়ান্ত দলে তাঁর জায়গা নিশ্চিত হবে কি না, তা জানা যাবে আগামী ৬ নভেম্বর দল ঘোষণার পর।

গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। কোচ জর্জে জেসুসের সঙ্গে বিরোধের জেরে তাঁর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলে আলোচনার জন্ম দেয়। পরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয়।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ায় আসন্ন আন্তর্জাতিক বিরতিতে খেলার যোগ্যতা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর। ফলে পর্তুগালের জার্সিতে আবারও মাঠে নামার সম্ভাবনা জোরালো হয়েছে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার।

গত ৭ অক্টোবর নিজের আচরণের জন্য পর্তুগালের সমর্থক ও সতীর্থদের কাছে দীর্ঘ বিবৃতিতে ক্ষমা চেয়েছিলেন রোনালদো। একই সঙ্গে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্কের অবসান হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে রোনালদো ও কোচের মধ্যে বিরোধের সূত্রপাত। ওই ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জিতেছিল। রোনালদোর অভিযোগ ছিল, তাঁকে বেঞ্চে রাখার বিষয়ে কোচ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করা হয়নি।

পরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিরোধ মেটাতে হওয়া সমঝোতাও কোচ মানেননি বলে অভিযোগ করেন তিনি। ওই ম্যাচে পর্তুগাল ৪-২ গোলে জয় পায়। সংবাদ সম্মেলনের পর কোপেনহেগেনে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো।

তাঁর এমন সিদ্ধান্তে প্রশ্ন ওঠে, তবে কি জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নেমে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা? এবার প্রাথমিক দলে জায়গা পাওয়ায় সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা আরও বেড়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ব্রাগায় ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। এরপর ১৭ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের বিপক্ষে খেলবে দলটি। এই দুই ম্যাচের জন্যই চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষা।

রোনালদোকে ছাড়াই নেশন্স লিগে নিজেদের প্রথম চার ম্যাচ জিতেছে পর্তুগাল। শেষ তিনটি ম্যাচে খেলেননি তিনি। তবু কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি। আগামী ২০২৭ সালের মার্চে এই পর্বের খেলা হওয়ার কথা।

আগামী ফেব্রুয়ারিতে ৪২ বছরে পা দেবেন রোনালদো। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে জাতীয় দলের হয়ে আরও কিছু অর্জনের সুযোগ তাঁর সামনে রয়েছে। চূড়ান্ত দলে জায়গা পেলে নভেম্বরে মাঠে ফেরার পাশাপাশি আগামী বছরের নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেও খেলার সুযোগ তৈরি হবে।

তবে সবকিছু নির্ভর করছে চূড়ান্ত স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তির ওপর। আপাতত পর্তুগালের সমর্থকদের অপেক্ষা—বিতর্ক ও নিষেধাজ্ঞার অধ্যায় পেছনে ফেলে প্রিয় অধিনায়ককে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি না।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: