
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনানী এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে গত তিন দিন ধরে প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের কাজ চলছিল। মঙ্গলবার ভোরে খননকাজের একপর্যায়ে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। আগুনের শিখার পাশাপাশি ওপরের দিকে বুদ্বুদ উঠতে দেখা যায় বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হওয়ায় পানি ছিটিয়েও আগুনের তীব্রতা কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। সম্ভাব্য বড় দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং ও বাঁশি বাজিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে ভিড় নিয়ন্ত্রণে তাঁদের বেগ পেতে হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ। নির্গত গ্যাসের প্রকৃতি ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।