দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৬ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে বাকি তিনজন কোন বিভাগের, সে বিষয়ে বুলেটিনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, চট্টগ্রামে ৩১১ জন, সিলেটে ১৫৭ জন, বরিশালে ১৩৪ জন, খুলনায় ১২২ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ৬৩ জন এবং রাজশাহীতে ৩২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।
এদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।