মানিকগঞ্জের সিংগাইরে সবুজ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের একটি কড়ইগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সবুজ মোসলেমাবাদ গ্রামের শিকিম মোল্লার ছেলে। তিনি এক সন্তানের বাবা।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোসলেমাবাদ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান কয়েকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সবুজের বাবা শিকিম মোল্লা জানান, এক ব্যক্তির সঙ্গে তাঁর ছেলের আর্থিক লেনদেন ছিল। ওই ব্যক্তির নাম উল্লেখ না করে তিনি বলেন, সবুজ মাঝেমধ্যে তাঁকে বলতেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ তবে কাদের উদ্দেশে ছেলে এ কথা বলতেন, তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এ অভিযোগের সত্যতা কিংবা তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।