রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি লিচুবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে পড়ে থাকা একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা ককটেলগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ককটেলগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এসব ককটেল কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।