তিন দফা দাবিতে মানিকগঞ্জে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার

2026-10-21T19:08:45+00:00
2026-10-21T19:08:45+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
তিন দফা দাবিতে মানিকগঞ্জে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন
মানিকগঞ্জ সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদ রফিক চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিন দফা দাবিতে চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পদযাত্রা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাবেরের দাবি, ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার পর দেশি-বিদেশি বিভিন্ন চক্র ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি। তাঁদের দেশে ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও ভারত সরকার এখনো প্রয়োজনীয় জবাব দেয়নি বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের এই নেতা।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা না বলার জন্য বলেছেন। এসব অভিযোগ তুলে জাবের দাবি করেন, ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরাসরি জড়িত। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য দেওয়া হয়নি।

সরকারের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে জাবের বলেন, ‘নির্বাচনের আগে আমরা যখন হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, তখন আমাদের বলা হয়েছে, আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য আন্দোলন করছি। এখন তো একটি নির্বাচন হয়েছে। আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো কেন শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার হচ্ছে না, সেই প্রশ্ন আমরা সরকারের কাছে জানতে চাই।’

বিএনপির রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ১৭ বছর বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, দলটি যদি জুলাইয়ের মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে অতীতে বিএনপিকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তার চেয়েও ভয়াবহ সময় অপেক্ষা করছে।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির আহ্বায়ক সাব্বির, সদস্য শাফিন সাহজাদ, অদম্য ২৪-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম ও সদস্যসচিব সজীব হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকেরাও অংশ নেন। সংবাদ সম্মেলনস্থলের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

সংবাদ সম্মেলনে নেতারা তিন দফা দাবি বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: