কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাওটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আপলাইনে চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল কর্ণফুলী কমিউটার ট্রেনটি। লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় পৌঁছালে ঢাকামুখী লাইনে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।