চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, চাঁদাবাজ যদি আমার ছেলে হলেও তাকে আটক করুন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি শফিকুর রহমান, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান, সাবেক মেয়র আকবর হোসেন, এ এস এম নুর নবী দুলাল, ইসমাইল হোসেন, জামশেদুর রহমান ফটিক, সাবেক কাউন্সিলর আবুল কাশেম, গিয়াস উদ্দিনসহ অনেকে।
সভায় মন্ত্রী চাঁদাবাজি, মাদক এবং পরিবেশ রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তরুণদের বিপথগামী হওয়ার পেছনে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাচ্চারা নষ্ট হওয়ার পেছনে আমরাই দায়ী, সমাজ দায়ী। কেননা, আমরা তাদের কাজ দিতে পারি না, খেলাধুলা করতে দিই না। এ কারণে তারা কাজ না পেয়ে বিপথগামী হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় তিনি তাঁদের বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন।
অনুষ্ঠানে সভাপতির নেতৃত্বে মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তাহের পণ্ডিত এবং ট্রাস্টের বৃত্তি পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তবারক হোসেন সোহেলের নেতৃত্বে মন্ত্রীর হাতে ট্রাস্টের সাহিত্য সাময়িকী ও জার্নাল তুলে দেওয়া হয়। এ সময় ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রসূল মেনন।