
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিশেষ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কলেজের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি খেলাসামগ্রী উপহার দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
অধ্যক্ষ আরও জানান, প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি তুলে ধরেছেন তিনি। কলেজে দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে লিখিত আবেদনও দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি
মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছানোর পর সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তাঁর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।