ষষ্ঠী থেকে দশমী, বগুড়ার পূজার স্মৃতি আজও টানে অপুকে

বিনোদন ডেস্ক

বিনোদন

দুর্গাপূজা মানেই আনন্দ, উচ্ছ্বাস আর প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। সময়ের সঙ্গে বদলে যায় উৎসব উদ্‌যাপনের ধরন, বাড়ে জীবনের

2026-10-19T17:29:06+00:00
2026-10-19T17:29:06+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বিনোদন
ষষ্ঠী থেকে দশমী, বগুড়ার পূজার স্মৃতি আজও টানে অপুকে
বিনোদন ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম 
সংগৃহীত ছবি
দুর্গাপূজা মানেই আনন্দ, উচ্ছ্বাস আর প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। সময়ের সঙ্গে বদলে যায় উৎসব উদ্‌যাপনের ধরন, বাড়ে জীবনের ব্যস্ততা। তবু শৈশবের উৎসব ঘিরে জমে থাকা স্মৃতিগুলো মনের গভীরে থেকে যায়। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেও দুর্গাপূজা মানেই বগুড়ায় কাটানো শৈশবের রঙিন দিনগুলোর স্মৃতিচারণা।

অপু বিশ্বাস বলেন, ‘পূজা মানেই আনন্দ। সময়ের সঙ্গে সেই আনন্দ-উদ্‌যাপনের ধরন কিছুটা বদলেছে, কিন্তু নিঃশেষ হয়নি। এখন দুর্গাপূজায় ষষ্ঠী থেকে দশমীর দিনগুলোয় বগুড়ার দিনগুলোর কথা মনে পড়ে। কী যে এক উচ্ছ্বাস, উল্লাসের ছিল সেই দিনগুলো—তা বলে শেষ করা যাবে না।’

বগুড়াতেই কেটেছে অপুর শৈশব। পূজার দিনগুলোতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে ঘিরে তাঁদের বাড়ি হয়ে উঠত উৎসবমুখর। নতুন পোশাক পরে ভোরে প্রতিমা দেখতে যাওয়া, মায়ের হাতে তৈরি ভোগের খাবার খাওয়া আর সবার সঙ্গে হইহুল্লোড়ে মেতে ওঠা—সব মিলিয়ে পূজার সময়টা ছিল তাঁর কাছে ভীষণ আনন্দের।

বিশেষ করে মহাষ্টমীর ভোগের স্মৃতি আজও অমলিন অপুর মনে। খিচুড়ি, লাবড়া ও বিভিন্ন পদের ভাজা ছিল তাঁর প্রিয় খাবার। সেই খাবারের স্বাদ আর পরিবারের সবাইকে নিয়ে কাটানো মুহূর্তগুলো এখনো তাঁর কাছে অমূল্য।

১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। নাচ শেখার সূত্র ধরেই একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।

পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু। শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর এই জুটির একাধিক সিনেমা বাণিজ্যিক সাফল্য পায়। ঢালিউডে শাকিব-অপু জুটি দর্শকের জনপ্রিয় জুটিগুলোর একটিতে পরিণত হয়।

দীর্ঘ অভিনয়জীবনে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। দুই দশকের ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্যেও ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: