সৌন্দর্য, ব্যক্তিত্ব আর প্রতিভার ঝলমলে লড়াই শেষে ঘোষিত হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর বিজয়ীদের নাম। মিস বিভাগে সেরার মুকুট উঠেছে সুমি রানির মাথায়, আর মিসেস বিভাগে বিজয়ী হয়েছেন ফারহানা হোসেন বিথি। একই আয়োজনে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতে আলোচনায় এসেছেন নওরিন নাওয়ার অরিত্রি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। র্যাম্প ওয়াক, ফ্যাশন উপস্থাপনা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পর্বে অংশ নিয়ে নিজেদের সৌন্দর্য, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও প্রতিভার পরিচয় দেন চূড়ান্ত পর্বে ওঠা প্রতিযোগীরা।
মিস বিভাগে সুমি রানি বিজয়ী হওয়ার পাশাপাশি প্রথম রানারআপ হয়েছেন রওনক তাসনিম ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন সাবরিনা নাহার মহিমা।
অন্যদিকে, মিসেস বিভাগে বিজয়ীর মুকুট জিতেছেন ফারহানা হোসেন বিথি। এ বিভাগে প্রথম রানারআপ জন্নাতুল ফেরদৌস কেয়া এবং দ্বিতীয় রানারআপ সায়মা হাসিবা অপূর্ব।
এবারের আয়োজনে আলাদা আকর্ষণ ছিল ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’ নির্বাচন। এই খেতাব জিতেছেন নওরিন নাওয়ার অরিত্রি। এ ছাড়া মিস ফায়ার হয়েছেন সপ্তর্ষি ক্রুজ, মিস এয়ার নির্বাচিত হয়েছেন জেনি জাহান এবং মিস ওয়াটার হয়েছেন রায়হানা আক্তার মিম।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা ও মডেল অন্তু করিম, এশিয়া জুয়েলার্সের প্রতিষ্ঠাতা তাসনুভা খান এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার তানজিল জনি এবং কোরিওগ্রাফার গৌতম সাহা।
অনুষ্ঠানে বক্তব্য দেন ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর প্রধান উপদেষ্টা রাজু আলীম। তিনি আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিজয়ীদের নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন। ফলে প্রতিযোগিতার মঞ্চে মুকুট জয়ের পর বিজয়ীদের সামনে বিনোদনজগতেও নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।
প্রতিযোগিতাটির আয়োজন করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার। আয়োজনে বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইবনে সাঈদ অঙ্কুর, বারিশা হক ও মাজহার সুমন।