পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জন এক ফুৎকারে উড়িয়ে দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে শোয়েব মালিক ও ভানিজা সাত্তার গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নজরে আসার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তীব্র বিরক্তি প্রকাশ করে ভানিজা লেখেন, “ও মাই গড গাইজ, আবার শুরু হলো!”
সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার আশায় অহেতুক মিথ্যা ছড়ানোর প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, “ভেবে দেখুন, বিশ্বে কথা বলার মতো কত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে! অথচ কিছু মানুষ শুধু ভিউ পাওয়ার লোভে কারো নামে এভাবে মনগড়া মিথ্যা খবর বানিয়ে প্রচার করছে।”
ভানিজা সাত্তার স্পষ্ট জানান, শোয়েব মালিকের সঙ্গে তাঁর কখনো সামনাসামনি দেখাই হয়নি। এর আগেও বেশ কিছু টেলিভিশন শোতে অংশ নিয়ে তিনি এই জল্পনার অবসান ঘটানোর চেষ্টা করেছিলেন।
ভানিজার ভাষ্যমতে, শুরুতে বিষয়টিকে তিনি একটি সাধারণ রসিকতা হিসেবে দেখে এড়িয়ে গিয়েছিলেন। তবে যখন বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়রা তাঁর পরিবারকে ফোন করে খবরের সত্যতা জানতে চাওয়া শুরু করেন, তখন তা অত্যন্ত বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।
বারবার একই ধরনের ভিত্তিহীন খবরের মুখোমুখি হয়ে অবশেষে তিনি আবারও সোচ্চার হলেন।
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সত্যতা যাচাই না করে এমন বিভ্রান্তিকর তথ্য ও গুঞ্জন ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী।