ঈদ ছাড়াও বড় উৎসব ঘিরে সিনেমা মুক্তির নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে ঢালিউডে। শারদীয় দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা—‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’। ভিন্ন গল্প, আলাদা ঘরানা আর নতুন কিছু চমক নিয়ে হাজির হতে যাওয়া ছবিগুলো ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
তিন সিনেমার গল্পে রয়েছে ক্যাম্পাসজীবনের স্মৃতিময় দিন, তৈরি পোশাকশিল্পের ঝুট ব্যবসার অন্ধকার জগৎ এবং পারিবারিক সম্পর্কের আবেগ-সংঘাত। চলচ্চিত্রসংশ্লিষ্টদের আশা, ঈদের বাইরের এই উৎসবেও দর্শক প্রেক্ষাগৃহমুখী হবেন।
নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবন নিয়ে ‘চিরকুট’
মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। এতে উঠে এসেছে সে সময়ের ক্যাম্পাসের পরিবেশ, বন্ধুত্ব, প্রেম, চিঠির আদান-প্রদান এবং তারুণ্যের নানা আবেগঘন মুহূর্ত।
সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী ও আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থীও এতে অভিনয় করেছেন।
শ্যামল মাওলার ভাষ্য, ‘চিরকুট’ শুধু প্রেমের সিনেমা নয়, বরং নব্বইয়ের দশকের একটি সময়কে তুলে ধরার প্রয়াস। দর্শক এ ছবিতে সেই সময়ের প্রেম, চিঠি আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতি খুঁজে পাবেন।
পরিচালক মুনতাসির আকিব জানান, টিজার, ট্রেলার ও রেহান রাসুলের গাওয়া ‘প্রেমে গেলাম ডুবে’ গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন তাঁরা। দর্শক যেন শুধু গল্প না দেখেন, বরং একটি সময়কে অনুভব করতে পারেন—সেই লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ‘ফিল্ম ম্যানিয়া’র ব্যানারে নির্মিত ছবিটি মূলত মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঝুট ব্যবসার অন্ধকার জগৎ ‘কাট-পিস’
তরুণ নির্মাতা ইফফাত জাহান মমর পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ‘কাট-পিস’ একটি ক্রাইম-ড্রামা। তৈরি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এই ব্যবসাকে ঘিরে অর্থ, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দ্বন্দ্ব কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, তা তুলে ধরা হয়েছে এতে।
ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে রাফাহ নানজিবা তোরসার। তিনি ‘মালা’ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে রয়েছেন নবাগত সিফাত আমিন শুভ। এ ছাড়া অভিনয় করেছেন এলিনা শাম্মী ও ইমরান আহমেদ সওদাগরসহ অন্যরা।
নির্মাতা ইফফাত জাহান মম বলেন, ঝুট ব্যবসা শহুরে জীবনের পরিচিত বাস্তবতা হলেও এর ভেতরের মানুষ, অর্থনৈতিক সম্পর্ক, ক্ষমতার লড়াই ও সংঘাতকে মূলধারার সিনেমায় তুলে ধরার জায়গাটি তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
‘ব্ল্যাক পেপার ফিল্মস’-এর ব্যানারে নির্মিত সিনেমাটি স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ২৫টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পারিবারিক আবেগ ও সংঘাতের গল্প ‘স্নেহের বন্ধন’
কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ পারিবারিক ও সামাজিক ঘরানার সিনেমা। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবিটিতে পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, আবেগ এবং মানুষের পারস্পরিক দ্বন্দ্ব ও মানসিক টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে।
এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় আসছেন জয় চৌধুরী ও মৌ খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজী হায়াৎ।
মৌ খান বলেন, ‘স্নেহের বন্ধন’ তাঁর ক্যারিয়ারের অন্যতম আবেগের কাজ। এতে তাঁর চরিত্রটি চ্যালেঞ্জিং ও সংগ্রামী। পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে—এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
পরিচালক কামরুজ্জামান জানান, বাঙালি সমাজের পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, আবেগ ও মানুষের ভেতরের দ্বন্দ্বই সিনেমাটির মূল উপজীব্য। জুলাইয়ে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। সিনেমাটির প্রচারণায় ঢাকা শহরে উন্মুক্ত বাসে রোডশোও করেছে সংশ্লিষ্ট দল।
ঈদের বাইরেও সিনেমা মুক্তির সাহসী উদ্যোগ
বাংলাদেশে সাধারণত ঈদকে বড় পরিসরে সিনেমা মুক্তির প্রধান সময় হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে একই দিনে তিনটি সিনেমা মুক্তির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও ‘স্নেহের বন্ধন’ সিনেমার প্রধান অভিনেতা জয় চৌধুরী বলেন, ঈদের বাইরে সিনেমা মুক্তি দেওয়া বর্তমান সময়ে সাহসী সিদ্ধান্ত। এ উদ্যোগের জন্য প্রযোজকদের ধন্যবাদ জানানো উচিত।
ক্যাম্পাসজীবনের নস্টালজিয়া, অপরাধজগতের গল্প আর পারিবারিক আবেগ—তিন ভিন্ন ঘরানার সিনেমা একই দিনে মুক্তি পাওয়ায় দর্শকের সামনে থাকছে পছন্দের বৈচিত্র্য। এখন দেখার বিষয়, দুর্গাপূজার ছুটিতে কোন সিনেমাটি দর্শকের মন জয় করে এবং বক্স অফিসে সবচেয়ে ভালো সাড়া পায়।