টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ৩

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে ট্রেনে

2026-10-19T15:45:16+00:00
2026-10-19T15:45:16+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বিনোদন
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ৩
বিনোদন ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তদন্তকারীদের ধারণা, অভিনেতার নিয়মিত চলাফেরার ওপর নজর রেখে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছিল। অভিযুক্তদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর যোগসূত্র থাকার অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তাদের একজনের বয়স ১৭ বছর। অন্য দুজন হলেন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন এবং হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সী রেহান। হৃতিক মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় থাকতেন এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুম্বাই পুলিশের তথ্যের ভিত্তিতে রাজস্থানের অপরাধ দমনকারী বিশেষ বাহিনী ও কোটা সিটি পুলিশের যৌথ দল পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তদন্তসংশ্লিষ্টদের অভিযোগ, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন সরাসরি গুলি চালানোর ঘটনায় জড়িত ছিলেন। অপরজন হামলার পর পালিয়ে যেতে সহায়তা করেন বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তকারীদের ধারণা, হামলার আগে টাইগার শ্রফের নিয়মিত যাতায়াত সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল। অভিনেতা প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যেতেন। তার এই নিয়মিত অভ্যাসের সুযোগ নিয়েই হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।

অভিযোগ অনুযায়ী, ফুটবল মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময় অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর হামলাকারীরা এসভি সড়ক ধরে ভিলে পার্লে ও আন্ধেরি হয়ে পালিয়ে যায়। আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেল ফেলে তারা ট্রেনে করে বোরিভালির দিকে চলে যায় বলে তদন্তে উঠে এসেছে।

এদিকে, এ ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রোববার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। একই সঙ্গে অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন।

শিন্ডে বলেন, মুম্বাইয়ে অপরাধী চক্রের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে অপরাধী চক্রের বিরুদ্ধে যেভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রয়োজনে আবারও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ৩৬ বছর বয়সী অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ দুজন আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশিত হয়। তবে পোস্টটির সত্যতা এবং হামলার সঙ্গে গোষ্ঠীটির প্রকৃত সংশ্লিষ্টতা পুলিশ এখনো নিশ্চিত করেনি।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির এ ঘটনায় বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হামলার প্রকৃত উদ্দেশ্য কী, এর সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: