
শুক্রবার বিটিএসের প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক রেকর্ডটির তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক শিল্পী হিসেবে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক স্পর্শ করেছিলেন। এবার সেই তালিকায় ব্যান্ড হিসেবে প্রথম নাম লেখাল বিটিএস।
গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান শোনা হয়েছিল প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বার। এক বছরের ব্যবধানে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ১০ বিলিয়ন ছাড়িয়েছে। আর এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গত মার্চে প্রকাশিত তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।
অ্যালবামটির গানগুলো মুক্তির পর থেকে স্পটিফাইয়ে ৫ বিলিয়নেরও বেশি বার স্ট্রিম হয়েছে। এর মাধ্যমে ২০২৬ সালে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে স্পটিফাইয়ে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও নিজেদের করে নিয়েছে বিটিএস।
সামরিক প্রশিক্ষণ শেষে দলের সব সদস্য একসঙ্গে ফেরার পর ২০ মার্চ প্রকাশিত হয় ‘আরিরাং’। প্রায় চার বছর পর বিটিএসের নতুন অ্যালবাম হওয়ায় এটি নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।
মুক্তির প্রথম দিনেই অ্যালবামটির গান স্পটিফাইয়ে ১১ কোটি বা ১১০ মিলিয়নের বেশি বার শোনা হয়। এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকে স্ট্রিমের সংখ্যা।
শুধু স্পটিফাই নয়, ‘আরিরাং’ দাপট দেখিয়েছে বিলবোর্ডের চার্টেও। ‘বিলবোর্ড ২০০’-এ টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখা অ্যালবামটি ২০১২ সালে মামফোর্ড অ্যান্ড সন্সের ‘বাবেল’-এর পর কোনো ব্যান্ডের প্রথম অ্যালবাম হিসেবে এই কীর্তি গড়েছে।
স্পটিফাইয়ের নতুন রেকর্ড সেই সাফল্যকে আরও বড় মাত্রা দিল বিটিএসের।