ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ না করার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে কোনো উন্নয়নকাজ করা হবে না। এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক।
জুবায়ের বলেন, চিফ হুইপ তাঁর বক্তব্যে দলীয় প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষকে উন্নয়নকাজ থেকে বঞ্চিত রাখার কথা বলেছেন। অন্য কেউ নির্বাচিত হলে তাঁর কাছে গিয়ে কোনো কাজ পাওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
জামায়াতের এ নেতা বলেন, এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় হস্তক্ষেপের হুমকি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সৃষ্টির চেষ্টা। এ ধরনের বক্তব্যের মাধ্যমে ভোটারদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে জুবায়ের আরও বলেন, বর্তমান সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীদের অনেকে অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তাঁরা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
বিবৃতিতে চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনগণের ভোটাধিকার এবং স্থানীয় সরকার ব্যবস্থার স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।