ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন ৩২৩-মহিলা-২৩-এ উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপ্রত্যাশীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই কার্যালয়ে জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে আগ্রহী নারী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।