বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও পাকিস্তান হাইকমিশন।
বুধবার (১৪ অক্টোবর) গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে দেশটিতে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মেডিক্যাল ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার এবং মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টিও আলোচনায় আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাঁর বাসভবনে অগ্নিকাণ্ডের পর তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং সহমর্মিতা প্রকাশ করায় এবি পার্টির নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষের আতিথেয়তা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন হাইকমিশনার। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলোতে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে।
সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। এবি পার্টির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা ও ব্যারিস্টার আব্বাস ইসলাম খান।