হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পদ নয়, তাঁরা কারও দাসত্ব করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, জামায়াত মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আবার হিন্দুদের সঙ্গে ঢাকের তালে উলুধ্বনিও দেয়।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তাঁর ভাষ্য, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সশরীরে মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দুর্গোৎসব আনন্দমুখর করতে সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছে। প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বলেও দাবি করেন তিনি। সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান দেন মীর শাহে আলম। এ ছাড়া নারীদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া শাড়ি উপহার তুলে দেন তিনি। মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গা মন্দির চত্বরেও পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না। একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু ভোটের মাধ্যমে প্রমাণ হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না। বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়।
জামায়াতের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তারা মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আবার হিন্দুদের সঙ্গে ঢাকের তালে উলুধ্বনিও দেয়। তাদের একদফা দাবির কথা বলাটাও হাস্যকর। ১১ দলীয় জোট বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ‘দুমুখো অভিনেতাদের’ ইতিমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।