ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বাদল সরদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মরহুমের প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার করপোরেশনের সব দপ্তর ও কার্যালয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
এক শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক বলেন, বাদল সরদার ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। সমাজসেবা, এলাকাভিত্তিক উন্নয়ন ও সমাজ সংস্কারে তাঁর অবদান ব্যাপক ও প্রশংসনীয়। জনপ্রতিনিধি হিসেবে তিনি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিএসসিসির প্রচলিত রেওয়াজ ও নিয়ম অনুযায়ী, সাবেক কাউন্সিলর বাদল সরদারের মৃত্যুতে সম্মান জানিয়ে বৃহস্পতিবার বেলা অর্ধেকের পর করপোরেশনের সব দপ্তর ও কার্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।
সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বাদল সরদার
ডিএসসিসির ২০২২-২৩ অর্থবছরে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বাদল সরদার। সে সময় ডিএসসিসির দ্বিতীয় পরিষদের ২১তম সভায় তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস তাঁর হাতে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি সনদ তুলে দেন।
পুরস্কার গ্রহণের পর বাদল সরদার বলেছিলেন, ২৩ বছর ধরে তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ স্বীকৃতি তিনি এলাকার জনগণকে উৎসর্গ করেন। একই সঙ্গে এ পুরস্কার তাঁকে সমাজসেবায় আরও অনুপ্রাণিত করবে বলেও জানান।
ওই অনুষ্ঠানে তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস জনপ্রতিনিধিদের উদ্যম, উদ্যোগ, সততা, নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেন। তিনি বলেন, একুশে পদক ও স্বাধীনতা পদকসহ বিভিন্ন স্বীকৃতিতে জনপ্রতিনিধিদের সেবা ও ত্যাগের মূল্যায়ন সাধারণত করা হয় না।