ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মুহাম্মাদ খলিলুর রহমানকে সভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা সেন্ট্রাল কনভেনশন হলে নবগঠিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অধিবেশন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নেছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নবগঠিত পরিষদের দায়িত্বশীলদের ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, শ্রমিকেরা দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। কিন্তু ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। শ্রমিকদের শোষণ ও বৈষম্য থেকে মুক্ত করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন জরুরি।
বিশেষ অতিথি মাওলানা নেছার উদ্দিন বলেন, নতুন পরিষদের দায়িত্বশীলদের সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। বিভিন্ন পেশার শ্রমিকদের সংগঠিত করে তাঁদের ন্যায্য দাবি আদায় ও অধিকার সংরক্ষণের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন কে এম বিল্লাল। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাসমত আলী, মুহাম্মাদ হারুনুর রশিদ ও মুহাম্মাদ ওয়ায়েজ হোসেন ভূঁইয়া। জয়েন্ট সেক্রেটারি হয়েছেন মুহাম্মাদ শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মুহাম্মাদ হাসিবুল ইসলাম ও মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব। সহকারী সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ নাজিম উদ্দিন, মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ ও শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগে গোলাম কিবরিয়া, চট্টগ্রামে মুহাম্মাদ শরিফুল আলম চৌধুরী, খুলনায় মুহাম্মাদ আল-আমিন গাজী, রাজশাহীতে মুহাম্মাদ মুহিবুল্লাহ, বরিশালে মুহাম্মাদ নজিবুল্লাহ সরকার, সিলেটে মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, রংপুরে মুহাম্মাদ আনিসুর রহমান, ময়মনসিংহে মুহাম্মাদ আশেকে মোস্তফা, কুমিল্লায় মুহাম্মাদ শাহিদুল ইসলাম এবং ফরিদপুরে মুহাম্মাদ তরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া প্রচার ও দাওয়াহ সম্পাদক হয়েছেন মুহাম্মাদ আবু সুফিয়ান নোমান, দপ্তর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মাদ নজরুল ইসলাম এবং শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম।
কমিটিতে শ্রমিক কল্যাণ, নারী শ্রমিক অধিকার, তথ্যপ্রযুক্তি ও গবেষণা, ট্রেড ইউনিয়ন, শিল্প ও কলকারখানা, বস্ত্র ও গার্মেন্টস, নির্মাণ, পরিবহন, দোকান ও প্রতিষ্ঠান, হকার্স, রেলওয়ে, হোটেল-রেস্তোরাঁ, নৌ ও অন্যান্য পেশার শ্রমিকদের জন্যও পৃথক সম্পাদকীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মাদ আতিকুর রহমান, মুহাম্মাদ আমিরুল হক ও মুহাম্মাদ সামছুল আলম (সাজু)।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু সুফিয়ান নোমান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নির্বাহী পরিষদ গঠনের এ তথ্য জানান।