সিরাজগঞ্জের বেলকুচিতে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বানিয়াগাঁতী সীতা নাথ একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ)-এর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী সীতা নাথ একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুল হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খোন্দকার নজরুল ইসলাম।
এ সময় পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য কেরামত আলী তালুকদার, সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ও পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি এমদাদুল হক।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনে শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ পর্বে শিক্ষক, অভিভাবক ও অতিথিরা তাঁদের শুভকামনা জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
এদিকে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজনে: বানিয়াগাঁতী সীতা নাথ একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ), বেলকুচি, সিরাজগঞ্জ।