শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে ইসলামপুর মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, জাতীয়করণ ও এমপিওভুক্তির কাজ সম্পন্ন হয়নি, সেগুলো নিয়ে সরকার কাজ করছে।
মাদক প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমানসহ স্থানীয় নেতারা।
মাদ্রাসার ভবন উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির ২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় ঋষিপট্টি থেকে টিনপট্টি পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের আওতায় নিম্ন আয়ের এলাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে উপজেলা সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত পরিবহনচালকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।